রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

নকশি পিঠা বানিয়ে মাসে আয় দেড় লাখ

ফিচার ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:৪৪ এএম

নকশি পিঠা বানিয়ে মাসে আয় দেড় লাখ

পিঠা তৈরি করছেন নিপা ইসলাম। ভিডিও: নিউজ ২৪

প্রত্যন্ত গ্রামে বসে নকশি পিঠা তৈরি করে মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন নারী উদ্যোক্তা নিপা ইসলাম। খরচ বাদ দিয়ে তার থাকে লাখ দেড় টাকার মতো।

একসময় মহল্লার অনেক মানুষ এটি নিয়ে ঠাট্টা করত। এখন তারাই প্রশংসা করেন। নিপা বলেন, এখন তারা বলে, আমি লাখ লাখ টাকা কামাই করছি, জায়গা কিনছি, বাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি।

নিপা তার পিঠা তৈরির সব কাজ নিজেই দেখাশোনা করেন। প্রথমে বাজার থেকে বাছাই করে আনা হয় ভালো মানের চাল। চাল ভাঙানোর পর শুরু হয় পিঠা তৈরির কাজ। নারীদের হাতের নিপুণ আল্পনায় সাজানো হয় নকশা। পরে সেগুলো গরম তেলে ভাজা হয়। ভাজার পর গুড়ের শিরায় ডুবিয়ে রাখার পর তৈরি হয় নকশি পিঠা।

প্রসেসিং শেষে পিঠা প্যাকেজিং করা হয়। তারপর বাক্সে ভরে পাঠিয়ে দেওয়া হয় সারাদেশে। অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে।

বর্তমানে নিপা ইসলামের পিঠাঘরে কাজ করছেন ৪৩ জন নারী। নকশি পিঠার পাশাপাশি এখানে তৈরি হয় প্রায় ৩০ রকম পিঠা - পুলি পিঠা, পাতার পিঠা, ঝুরি, সিরিজ পিঠা, হাতে কাটা সেমাই, নাড়ুসহ আরও অনেক কিছু। অনলাইনের মাধ্যমে এসব পিঠা ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।

এখানে কাজ করা নারীরা মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। অনেকেই সন্তানদের পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরছেন।

সফলতার পেছনে ছিল শত বাধা। একমাত্র মা ও একজন বন্ধুর সহযোগিতায় এতদূর এসেছেন নিপা। এক পর্যায়ে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় নিপার বাড়িঘর। নিপার দাবি, সেখানে বিদ্যুৎ ও গ্যাস ছিল না, তাই আগুন কেউ লাগিয়েছে। তবু থেমে যাননি তিনি - একদিন পরেই আবার শুরু করেন পিঠা তৈরির কাজ।

নিপা ইসলামের বার্তা - নারীরা বেকার বসে না থেকে নিজে কিছু করলে সফলতা আসবেই। স্বামীর আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে।