রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে: তিতুমীর

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:১৮ এএম

ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে: তিতুমীর

গোলটেবিল আলোচনায় বক্তব্য

দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। রাজধানীর একটি হোটেলে ব্যাংকিংয়ে নৈতিকতা, জবাবদিহিতা ও আস্থা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা অর্থকথা। সহযোগিতায় ছিল প্রিমিয়ার ব্যাংক পিএলসি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান খান, অর্থকথার চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আব্দুল মাবুদ, প্রিমিয়ার ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ আলী এবং অর্থকথার সিইও রফিকুল ইসলাম।

তিতুমীর বলেন, ব্যাংক আমানতকারীদের মধ্যে আস্থা ফিরছে। এর প্রমাণ হলো পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীরা নির্বিঘ্নে তাদের আমানত তুলতে পারছেন। আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।

সবার সঙ্গে পরামর্শ করে সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা পরিচালনার জন্য সরকার ব্যাংকিং সংস্কার অব্যাহত রেখেছে বলে জানান তিনি। খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ এক ধরনের তদবির ও চাপের বিষয় হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সুযোগ বাতিল করা উচিত, কারণ এটি অর্থনৈতিক শৃঙ্খলার জন্য ভালো নয়।

দেশের অর্থনীতিতে ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ ১০টি বড় ব্যাংকের প্রায় ৭০ শতাংশ সম্পদ রয়েছে বলে জানান তিতুমীর। এতে খাতে এক ধরনের কেন্দ্রীভূত অবস্থার ইঙ্গিত মেলে। সঞ্চয় ও উৎপাদন বাড়ানোর জন্য ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত করের পরিবর্তে কর ব্যবস্থার সম্প্রসারণের পরামর্শ দেন তিনি।

রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগ ছাড়া দেশের অর্থনীতি এতটা সচল থাকত না বলে মন্তব্য করেন তিতুমীর। তাই তাদের জন্য সাশ্রয়ী ও দক্ষ ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করা উচিত বলে জানান তিনি। সভায় বক্তারা ডলার সংকট শব্দটির ভুল ব্যবহারের সমালোচনা করে বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং গত ২৮ মাস ধরে বিনিময় হার প্রায় একই অবস্থায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা রক্ষায় কর্তৃপক্ষের প্রয়াসের প্রশংসা করেন।