শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১০:১৭ পিএম

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর গুলশানের র‌্যাডিসন ব্লু হোটেলে আইসিএবি আয়োজিত ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।

আমির খসরু বলেন, যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চাপিয়ে দেওয়া বা জোর করে কার্যকর করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা নিজেদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।

তারা নিজেরাই স্বনিয়ন্ত্রণের চর্চা গড়ে তুললে এবং আইসিএবি প্রাতিষ্ঠানিকভাবে সেই সক্ষমতা অর্জন করলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপের প্রয়োজন হবে না বলে জানান অর্থমন্ত্রী।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এ অগ্রযাত্রায় হিসাবরক্ষকেরা সামনের সারিতে রয়েছেন।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং করদাতাসহ অর্থনীতির বিভিন্ন পক্ষের স্বার্থ নির্ভর করে। তাই আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

আমির খসরু বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতিতে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে চলার পুরো ব্যবস্থাকে কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করা জরুরি। কারণ, পুরস্কারের মাধ্যমে বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছায়।

আইসিএবির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া আইসিএবির নেতৃবৃন্দ ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।