নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৩৮ পিএম
সাংবাদিকতার নীতি-নৈতিকতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের কাজ বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সমালোচনা ও ফিডব্যাক সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকতা আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে এ ধরনের স্বীকৃতির মাধ্যমে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে, এখনো উঠছে। এমন পরিস্থিতিতে নির্মোহ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে যে সম্মাননা দেওয়া হয়েছে, তা আগামী দিনের সাংবাদিকতার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এটি সাংবাদিকতার জন্য একটি ভিত্তি তৈরি করবে।
বর্তমানে সাংবাদিকতার পরিসর অনেক বিস্তৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি মানুষ এখন সিটিজেন জার্নালিজমের দিকে ঝুঁকছে। ফলে সঠিক সাংবাদিকতার মাধ্যমে বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে সংবাদ পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বেড়েছে। তাই সাংবাদিকতার মান ধরে রেখে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা ওপেন গভর্নমেন্টের কথা বলি। এটি বাস্তবায়ন করতে হলে সব পক্ষকে সম্পৃক্ত করতে হবে। সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। যারা স্মার্ট রাজনীতি করতে চান, তারা সাংবাদিকদের সমালোচনাকে নিজেদের কাজ ও ক্যারিয়ারের উন্নয়নে কাজে লাগাতে পারেন। কিন্তু কেউ সমালোচনাকে নেতিবাচকভাবে নিলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন।
সাংবাদিকদের ফিডব্যাককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই ফিডব্যাক সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে সরকারের নিয়মিত ইন্টারঅ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি অনুষ্ঠানে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর থেকে প্রতিবছরই ডিআরইউ অ্যাওয়ার্ড পাওয়ার প্রসঙ্গও আসে। সে অনুযায়ী ২০২১ সালে আরাফাত জোবায়ের, ২০২২ সালে আবু সালেহ সায়াদাত, ২০২৩ সালে আদনান রহমান, ২০২৪ সালে আরাফাত জোবায়ের এবং ২০২৫ সালে জসীম উদ্দিন এই সম্মাননা পেয়েছিলেন। এবার প্রথমবারের মতো দুই জন রিপোর্টার আব্দুর রহমান মাসুম ও আরাফাত জোবায়ের ডিআরইউ অ্যাওয়ার্ড পেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন