মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

খাল খননে কুষ্টিয়াসহ আশপাশের কৃষিতে নতুন সম্ভাবনা দেখছেন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৭:০৭ পিএম

খাল খননে কুষ্টিয়াসহ আশপাশের কৃষিতে নতুন সম্ভাবনা দেখছেন প্রতিমন্ত্রী

খাল খননের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালগুলো পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে সচল করা হলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এই খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে উজ্জীবিত হবে খালগুলো। এতে কৃষকদের সেচ সুবিধা বাড়ার পাশাপাশি সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।

দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষকরা প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এসব খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

খালগুলো পুনরুজ্জীবিত হলে কৃষকদের সেচসংকট অনেকাংশে দূর হবে বলে জানান তিনি। তাঁর মতে, পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাও সম্ভব হবে।

পরিদর্শনকালে কুষ্টিয়া-এক (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে আসবেন। ওই সময় খাল খননের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি, আর এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ কুষ্টিয়া জেলা পরিদর্শনে আসছেন।