মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
যৌথ সামরিক মহড়া

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণদ্বীপের মহড়া শেষে সন্ধ্যায় সচিবালয়ে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণদ্বীপের মহড়া শেষে সন্ধ্যায় সচিবালয়ে

ছবি : সংগ্রহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে ফিরে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

সচিবালয়ে প্রবেশের পর একাধিক গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন প্রধানমন্ত্রী।

স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শনে যেতে মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি এবং বেলা সাড়ে ১১টায় সেখানে অবতরণ করেন।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি।

অনুশীলনস্থলে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারেক রহমান। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী এবং ফিরেই সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।