মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
কূটনৈতিক ব্রিফিং

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানোর ইঙ্গিত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৩০ পিএম

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানোর ইঙ্গিত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত ও পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

হুমায়ুন কবিরের ভাষায়, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং এ বিষয়ে জনগণকে অবহিত রাখা হবে।

আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।

আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন হুমায়ুন কবির। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের বহু আলোচনা করেছে।