মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
শিক্ষক নিবন্ধন জট

১৮তম নিবন্ধনধারীদের সুপারিশে জট খুলতে উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৫:০১ পিএম

১৮তম নিবন্ধনধারীদের সুপারিশে জট খুলতে উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয়

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশের অপেক্ষায় থাকা ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থীর নিয়োগ জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিবন্ধনধারীদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সূত্র জানায়, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়টি নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

এরপরই ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারির চেয়ে ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের বিষয়টি বেশি অগ্রাধিকার পাচ্ছে, কারণ পরবর্তী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে এবং সে কারণেই বিদ্যমান নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত জটিলতা আগে সমাধান করতে চায় মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের বিষয়টি আগে নিষ্পত্তির পর নবম বা ১৯তম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে; প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ১৮তম নিবন্ধনধারীদের সুপারিশের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে, যদিও কবে নাগাদ নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।