মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
ম্যাচ পরিত্যক্ত

লাল কার্ড পেয়ে ছুরি নিয়ে মাঠে ফুটবলার, সিসিলিতে ম্যাচ পরিত্যক্ত

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৪৩ পিএম

লাল কার্ড পেয়ে ছুরি নিয়ে মাঠে ফুটবলার, সিসিলিতে ম্যাচ পরিত্যক্ত

ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে রেফারি লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুমে গিয়ে সেখান থেকে ছুরি হাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং আয়োজকরা পুলিশ ডাকতে বাধ্য হন, যদিও এ ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইতালির তৃতীয় ডিভিশনের ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।

খেলা চলাকালীন গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারি ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। এর পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে তিনি লাথি মারেন বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস পাওলিনিকে লাল কার্ড দেখান। তাকে বাঁচাতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ালে গ্যালাকটিকের কোচ কালান্দ্রাকেও লাল কার্ড দেখান রেফারি, যা মাঠের পরিবেশ আরও উত্তপ্ত করে তোলে।

লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে ছুরি নিয়ে তিনি আবার মাঠে নামেন বলে অভিযোগ ওঠে। পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে তিনি ভয় দেখাতে শুরু করেন এবং এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলে দাবি করা হয়েছে। এরপরই রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ দিয়েছে পারতান্না। পাশাপাশি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে ক্লাবটি।