মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
মজুরি নির্ধারণ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৩:২৮ পিএম

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে দুপুর ২টায় এ বৈঠক শুরু হয়।

বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে দুটি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। প্রথমটি হলো গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। দ্বিতীয়টি শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় বৈঠক বসে এবং দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে মুলতবি করা হয়।

বোর্ডের একজন সদস্যের তথ্য অনুযায়ী, ওই বৈঠকের শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা হিসাবে প্রাথমিক প্রস্তাবে প্রায় ২০ শতাংশ মজুরি বৃদ্ধির কথা বলা হয়।

আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ প্রস্তাব সংশোধন করে ১৫ হাজার ৫০০ টাকা করে এবং একই সময়ে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২৫ হাজার টাকার নতুন প্রস্তাব দেয়। পরের ধাপে মালিকপক্ষ দ্বিতীয় দফায় প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করলে শ্রমিক প্রতিনিধিরাও দাবি পুনর্বিবেচনা করে ২২ হাজার টাকার প্রস্তাব দেন।

দীর্ঘ আলোচনায় দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে এসে প্রস্তাব বদলালেও মজুরির অঙ্ক নিয়ে মতপার্থক্য থেকে যায়। ফলে কোনো সমঝোতা ছাড়াই সেদিনের বৈঠক শেষ হয়।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।