নভেম্বর ২, ২০২৬, ১১:৫৫ এএম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের স্বায়ত্তশাসিত ও সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের চূড়ান্ত ও সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরের শুরু থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা।
সবার আগে শুরু হচ্ছে মেডিকেল পরীক্ষা।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময়ের ওপর ভিত্তি করে এই তারিখটি চূড়ান্ত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মধ্য দিয়ে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় পরীক্ষার পদ্ধতি ও পূর্ণাঙ্গ সময়সূচি চূড়ান্ত করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) মাধ্যমে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি ‘এ’ ইউনিট দিয়ে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নিজস্ব ক্যাম্পাসে হলেও বাকি পরীক্ষাগুলো চট্টগ্রাম ছাড়াও রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২৯ ও ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, মেরিটাইম ল এবং ফিশারিজ প্রোগ্রামে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরীক্ষা হবে চার দিনে। আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ, ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স এবং ৮ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিকেল স্টাডিজ ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। এবারের কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা হবে আগামী ৮ জানুয়ারি। খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী মার্চে। ঘোষিত সূচি অনুযায়ী ‘বি’ ইউনিট ১৯ মার্চ, ‘সি’ ও ‘ডি’ ইউনিট ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইতোমধ্যে ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করলেও সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন