নভেম্বর ২, ২০২৬, ১২:২৭ পিএম
পোশাকশিল্পের অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন।
শিল্পাঞ্চলে চলমান অরাজকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জামায়াত আমির লেখেন, তৈরি পোশাক খাতে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো কারখানা মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, সাধারণ কোনো পোশাকশ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে কখনোই জড়িত হতে পারেন না।
পরিস্থিতির নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে ইঙ্গিত দেন ডা. শফিকুর রহমান।
তিনি উল্লেখ করেন, চিহ্নিত ষড়যন্ত্রকারী ও বিশেষ ধান্দাবাজ চক্র পরিস্থিতিকে পরিকল্পিতভাবে উসকে দিয়ে দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাকশিল্পকে ধ্বংস করার হীন অপচেষ্টা চালাচ্ছে বলে মনে হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড রক্ষায় এ ব্যাপারে কালবিলম্ব না করে সরকারকে দ্রুত কঠোর প্রশাসনিক অবস্থান নেওয়ার জোর আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন