অক্টোবর ২৪, ২০২৬, ১১:১৬ পিএম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ব্যাপক আকারে মুসলিম পরিবারের বসতবাড়ি ও ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি সংখ্যালঘু মুসলিমদের সাংবিধানিক ও মৌলিক নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চল এলাকায় ৬০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করেছে রাজ্য প্রশাসন।
এর আগের দিন শনিবার আসামের পৃথক তিনটি জেলায় আরও ৫৪৭টি পরিবারকে একই প্রক্রিয়ায় উচ্ছেদ করা হয়।
এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ১ হাজার ১০০টিরও বেশি মুসলিম পরিবার সরাসরি গৃহহীন হয়ে পড়েছেন।
স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে বিরোধীদলীয় নেতা আরও জানান, ওই উচ্ছেদ অভিযানের সময় অন্তত ১০টিরও বেশি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি মসজিদের বয়স ৫০ বছরেরও বেশি। তিনি সাম্প্রতিক সময়ে গুজরাটের আহমেদাবাদে ৪০০ বছরের প্রাচীন ঐতিহাসিক মাঞ্চা মসজিদ এবং গির সোমনাথ জেলায় প্রাচীন মসজিদ ও মুসলিমদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ার ঘটনাগুলোর কথাও বিবৃতিতে তুলে ধরেন।
জামায়াতের আমীর বলেন, সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ব্যর্থতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করছে। এ ধরনের পদক্ষেপ মানবতা, আইনের শাসন এবং সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। যে দেশেই বা যে পক্ষের দ্বারাই এমন কর্মকাণ্ড সংঘটিত হোক না কেন, তা স্পষ্টত নিন্দনীয়।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো মহলের উসকানিতে দেশে সাম্প্রদায়িক বিভাজন কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।
কারও পাতা ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশে বিরাজমান আন্তধর্মীয় সম্প্রীতি যেকোনো মূল্যে রক্ষা করার তাগিদ দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন