শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

দিনাজপুর ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তুহিন-সাদেকুল পরিষদ।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট দেন ব্যবসায়ীরা। দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি রাখা হয়েছিল। সংগঠনের মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা মো. সজিবুর রহমান।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. মোকাদ্দেছুর রহমান তুহিন ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাদেকুল ইসলাম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৬ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. হোসেন আলী ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী আজিজুল ইকবাল চৌধুরী পান ৬ ভোট। সহ-সভাপতি পদে মো. খাতির আলী ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন, বিপরীতে মো. খাদিমুল ইসলাম পেয়েছেন ৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহামুদুর রশিদ ৬৭ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রার্থী জহির উদ্দীন আহমেদ পান ৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. আমিনুল হক ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সলিল বসাক পান ৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহজালাল ৬৭ ভোট পেয়ে জয়ী হন এবং নিকটতম প্রার্থী মো. তাজিবুল ইসলাম পান ৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. শাহানুর আলম ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার বিপরীতে সাইফুল আলম পেয়েছেন ৫ ভোট।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. ইয়াহিয়া সরকার (৭০ ভোট), মো. সাব্বিরুজ্জামান (৬৯ ভোট) এবং শান্তনু কুমার বসাক (৬৯ ভোট)। নির্বাচিত এই নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের পরবর্তী ২৪ মাস দায়িত্ব পালন করবে।

নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর মোর্শেদ।

এ সময় কমিশনের সদস্য হিসেবে দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এবং দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক দায়িত্ব পালন করেন।