অক্টোবর ২৪, ২০২৬, ০২:২৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাবকী এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সেবা সংস্থার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, পলিথিনের অতিরিক্ত ব্যবহারের মারাত্মক ক্ষতিকর দিক এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। ড. মো. সানাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে সুমা খাতুন বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সুস্থ জীবনধারা গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে মা ও শিশুর শারীরিক সুরক্ষা এবং আগামী প্রজন্মের বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং আট নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সজিব রহমান সবুজ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, পলিথিনের লাগামহীন ব্যবহার সরাসরি মাটি ও পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এমন বিপর্যয় এড়াতে পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পল্লী সেবা সংস্থার এরিয়া ম্যানেজার পারুল খানম, সংস্থাটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নজরুল ইসলাম, ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির হোসেন রয়েল, সমাজসেবক মাসুম ইসলাম এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমিন বাবুসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন