অক্টোবর ২১, ২০২৬, ০৯:৪৬ এএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫টি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিদর্শনে বের হন। তিনি একে একে ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপে যান এবং সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থার খোঁজ নেন।
পরিদর্শনকালে আনিসুর রহমান আনিস মণ্ডপে আসা ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর পরিবেশে যাতে সবাই নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
দুই শতাধিক মোটরসাইকেলের এই বিশাল বহরে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ দেখা গেছে। সার্বিক পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের এমন সরাসরি পরিদর্শন ও নজরদারিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন