অক্টোবর ২০, ২০২৬, ০১:০০ পিএম
বীরগঞ্জে ৯ পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় যুবদলের এক শীর্ষ নেতা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি মরিচা ইউনিয়নের মোট নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত, দর্শনার্থী এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন তিনি।
দুর্গোৎসব ঘিরে মরিচা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছিল। ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে মণ্ডপ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
বিশেষ করে মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী বকবাড়ি এলাকার দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পরিদর্শনকালে তানভীর চৌধুরী বলেন, আমরা শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর করতে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কয়েকটি স্বেচ্ছাসেবক দল মাঠে দায়িত্ব পালন করছে, যাতে সবাই সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।
তিনি প্রতিটি মণ্ডপের পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন