অক্টোবর ২০, ২০২৬, ০১:৫২ পিএম
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মণ্ডপগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।
পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এসআরবি-১ ইউনিটের কর্মসীমার আওতাভুক্ত।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের বাধা ও আতঙ্ক ছাড়া ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারেন, সেজন্য এই বিস্তৃত তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও জানান, পূজাকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত ও মোকাবিলা করতে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক প্রয়োজনীয় বল মোতায়েন রাখা হয়েছে।
এদিকে মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন, এখন পর্যন্ত সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
উৎসবের আবহ স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির কারণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে কিছুটা শঙ্কা ও উদ্বেগের অনুভূতি কাজ করছে। তবে সেই শঙ্কা কাটিয়ে আগামীকাল বিজয়া দশমীতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন