মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০১:২৫ পিএম

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার রাষ্ট্র সবার—এই মন্তব্য করে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকেরই সমান অধিকার এবং সমান কর্তব্য রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এই বার্তা দেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ড চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।

পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হলে সমবেত হাজারো দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তুমুল করতালি ও স্লোগানে তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতার ভালোবাসাপূর্ণ শুভেচ্ছার আন্তরিক জবাব দেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে সরকারপ্রধানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

অভ্যর্থনাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক ও সামরিক কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে আনুষ্ঠানিকভাবে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।