অক্টোবর ২০, ২০২৬, ০১:৫৫ পিএম
দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের ১৬টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এই পরিদর্শন ও সহায়তা কার্যক্রম চলে।
পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করে মানবিক দায়বদ্ধতা থেকে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় তুলে ধরেন।
দিনাজপুর জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী ওলামা দলের জেলা শাখার আহ্বায়ক হাফেজ মো. জিয়াউর রহমান জিয়া আসন্ন শেখপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে দোয়া ও সমর্থন চান।
এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে চালু করবেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি সার্বক্ষণিক জরুরি সেবায় নিয়োজিত থাকবে। অসুস্থ রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে পুনরায় নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা দেওয়া হবে।
উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি আরও বলেন, ইউনিয়নের যেকোনো সমস্যায় তাঁকে যেন মুঠোফোনে জানানো হয়, তিনি দ্রুত পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। মানুষের সেবাই তাঁর মূল অঙ্গীকার।
মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান হস্তান্তরের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন