জাহিদ হাসান
অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে শিমুলতলা সার্বজনীন দুর্গাপূজামণ্ডপসহ পৌর এলাকার ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমা খাতুন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থার খোঁজ নেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত পুণ্যার্থী, ভক্ত, দর্শনার্থী ও পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কুশল ও মতবিনিময় করেন।
উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিনে মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমা খাতুন বীরগঞ্জ পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপের সংশ্লিষ্ট পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। পৌরসভার এই আর্থিক সহায়তা উৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুণ্ণ রেখে সবাই যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত এই তৎপরতার মাধ্যমে মাঠপর্যায়ে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে সার্বিক প্রশাসনিক নজরদারি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।