অক্টোবর ১৯, ২০২৬, ০৭:১৪ পিএম
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ে এক দিনেই তিনি তিন বিভাগের তিন জেলায় এই বিশেষ সফর সম্পন্ন করবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান রাজধানী ঢাকার বাইরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম পৌঁছাবেন। সেখানে তিনি প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। চট্টগ্রাম সফর শেষে ওই দিন রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
সেখান থেকে দ্বিতীয় গন্তব্য হিসেবে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করার পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর তিনি রাজশাহী সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন। পরে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
জনসভা শেষে রাজশাহী থেকে আকাশপথে বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে রাতেই বিমানযোগে রাজধানী ঢাকায় ফিরে আসবেন।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
সারাদেশে মঙ্গলবার উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন