সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ০৫:০৩ পিএম

রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর মহানগরী পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে এখন সাজসাজ অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন করতে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ এবং ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বদলে গেছে রংপুর মহানগরী।

সিটি করপোরেশনের উদ্যোগে প্রধান সড়ক ও রোড ডিভাইডারগুলো ধোয়া-মোছা শেষে রং করা হয়েছে এবং সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে ছোট ছোট ফুলের গাছ। প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করা হয়েছে।

এসব কাজের সার্বিক তদারকি করছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

নগরীর বিলবোর্ডগুলোতে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে টানানো হয়েছে সুদৃশ্য ব্যানার।

ভাওয়াইয়ার সুরের মাধ্যমে প্রধানমন্ত্রীকে গানে গানে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা ও মহানগর শাখা।

এ ছাড়া মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল এবং জিয়া সংসদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন।

রাজধানী ঢাকার বাইরে এসে প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্যোগকে সনাতন ধর্মাবলম্বীরা এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ধর্মসভা মন্দিরের ভক্ত আকাশ চন্দ পাপ্পু জানান, ঢাকার বাইরে কোনো প্রধানমন্ত্রীর সরাসরি এসে পূজামণ্ডপ পরিদর্শনের ঘটনা আগে দেখা যায়নি, যা রংপুরের মানুষের জন্য অত্যন্ত আনন্দের।

শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের দর্শনার্থী জীবন ঘোষ বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন এবং মণ্ডপ ঘুরে দেখবেন—এটি সম্প্রীতির অনন্য বার্তা দেয়।

রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী রংপুরের একটি মণ্ডপে আসছেন, যা ভক্তদের জন্য পরম প্রাপ্তি। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শারদীয় উৎসবের আবহ তিনি সরাসরি প্রত্যক্ষ করবেন।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে এক হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন এবং ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন।

বেলা ১১টায় তিনি রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে পুনরায় সামরিক বিমানে রাজশাহী ও পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকা পৌঁছাবেন সরকারপ্রধান।