অক্টোবর ১৯, ২০২৬, ০৫:৩৪ পিএম
রংপুর মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ২৬টি মামলার অভিযুক্ত রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রংপুর নগরীর স্থায়ী বাসিন্দা।
সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর এসআরবি-১৩ এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন দীর্ঘদিন ধরে একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অতীতে বিভিন্ন সময়ে ছয়টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি মামলায় একাধিকবার তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তবে জামিনে কারামুক্ত হয়ে তিনি আবারও অপরাধজগতের নেতৃত্ব গ্রহণ করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন