অক্টোবর ১৯, ২০২৬, ১২:৫৮ পিএম
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে রাজধানী ঢাকা থেকে পুলিশের বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি সাদা রঙের ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। কোনো ধরনের ঝুঁকি এড়াতে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু ও ফকিরদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।
ঘটনার পর সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দল কুমারখালীতে পৌঁছায়।
তারা ঘটনাস্থলে এসে সন্দেহজনক ব্যাগটি খতিয়ে দেখে একটি টাইম বোমা এবং দুটি বোতলে পেট্রল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
এই ঘটনার পর থেকেই লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সীমিত করে দেওয়া হয়েছে। মাজার ও এর আশপাশের এলাকায় অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পুরো এলাকার সার্বিক নিরাপত্তার ওপর সতর্ক নজর রাখছে প্রশাসন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে ভরা পেট্রল উদ্ধার করা হয়। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে আখড়াবাড়ি প্রাঙ্গণে এই ধরনের বিস্ফোরক ও পেট্রল রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের আনুষ্ঠানিক তদন্ত চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন