রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা

দিনাজপুরে ১৩১৭ পূজামণ্ডপে কড়া নিরাপত্তা গোয়েন্দা নজরদারিতে এসআরবি

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৮, ২০২৬, ০২:৪৩ পিএম

দিনাজপুরে ১৩১৭ পূজামণ্ডপে কড়া নিরাপত্তা গোয়েন্দা নজরদারিতে এসআরবি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলার এক হাজার ৩১৭টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। রোববার সকালে দিনাজপুর শহরের ঐতিহাসিক রাজবাটী দুর্গাপূজা মণ্ডপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের আট জেলার মোট পাঁচ হাজার ১৩৮টি দুর্গাপূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম জানান, পূজাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে তাদের বাহিনী।

তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও বিভ্রান্তিকর গুজব প্রতিরোধে গত ১৩ অক্টোবর থেকেই পোশাকি টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সবার সহযোগিতায় উৎসবের সকল আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।