রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৩:৪৩ পিএম

সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক আনুষ্ঠানিক ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর কাতারের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়। তবে কোন প্রেক্ষাপটে এবং কীভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। গত বছর দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই মামলা দুটি দায়ের করা হয়েছিল।

দুদকের দায়ের করা প্রথম মামলায় সাবেক এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এর পাশাপাশি তার নামে পরিচালিত ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি করা হয় এজাহারে। এসব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

অন্যদিকে কমিশনের দায়ের করা দ্বিতীয় মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

এই মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে থাকা ৩২টি পৃথক ব্যাংক হিসাবে প্রায় এক কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তুলে ধরেছে দুদক।

দ্বিতীয় মামলাটিতে তাহমিদা বেগমকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।