অক্টোবর ১৮, ২০২৬, ১০:৫৫ এএম
পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। রোববার সকালে সাভার সেনানিবাসে এই অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা প্রদানকালে সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার বহুমুখী উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, উচ্চ নৈতিকতা এবং সাধারণ জনগণের আস্থাই হচ্ছে সেনাবাহিনীর মূল চালিকাশক্তি।
এর আগে সকাল সোয়া নয়টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে সকাল দশটার দিকে নবম পদাতিক ডিভিশনের সংশ্লিষ্ট সাতটি ইউনিটের অধিনায়কদের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেনানিবাসে যাওয়ার পথে সড়কের দুই পাশে সমবেত সাধারণ মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন