রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
অনুষ্ঠানে তীব্র অব্যবস্থাপনা

মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, মামলার হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৪:২৪ পিএম

মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, মামলার হুঁশিয়ারি

ভারতের পুণেতে একটি নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ তুলেছেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো Splitsvilla X6-এর এই প্রতিযোগী অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা এবং অনুমতি ছাড়া প্রচারণায় তার ছবি ব্যবহারের অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলে নেওয়ার নামে তাকে জোরপূর্বক গাড়িতে তোলার ঘটনা ঘটেছে বলেও দাবি তার। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পুণের পেডকর গ্রাউন্ডসের নবরাত্রি আয়োজন।

আকাঙ্ক্ষা জানিয়েছেন, আয়োজক দলের যে তিন সদস্যের সঙ্গে তার আনুষ্ঠানিক যোগাযোগ ছিল, তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ১৮ বছর। পুরো উৎসবটি ঘিরে দায়িত্বশীলদের ব্যবস্থাপনায় তীব্র বিশৃঙ্খলা দেখা যায়।

এই মডেলের দাবি অনুযায়ী, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে হোটেল থেকে আনতে কোনো গাড়ি পাঠানো হয়নি। অথচ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তখনই পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বারবার আয়োজকদের তাগাদা ও পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়ার পর তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়।

একপর্যায়ে তাকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

সেখানে উপস্থিত দর্শকদের সামনে গাড়িটি থামানো হলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। নিজের ব্যক্তিগত দল সঙ্গে না থাকায় এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে মঞ্চের দিকে যেতে অস্বীকৃতি জানান। আকাঙ্ক্ষার অভিযোগ, তার নিরাপত্তাহীনতাকে কোনো গুরুত্ব না দিয়ে আয়োজক দলের ওই তরুণরা বিষয়টি নিয়ে উপহাস ও হাসাহাসি করতে থাকে।

পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে আকাঙ্ক্ষা বলেন, জোর করে গাড়িতে বসিয়ে তাকে মাঠে নিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। দর্শকদের সামনে গাড়ি থামিয়ে দিলে তিনি চিৎকার করে জানান যে তার সঙ্গে টিম নেই, তাই তিনি ভেতরে ঢুকবেন না এবং নিরাপদ বোধ করছেন না। অথচ আয়োজকেরা তার কথা কানে না তুলে হাসাহাসি করছিল। এমন দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনাকে ধিক্কার জানিয়ে তিনি সবাইকে চরম অদক্ষ ও অর্থ আত্মসাৎকারী হিসেবে উল্লেখ করেন।

পুরো ঘটনাটিকে অপহরণের সমতুল্য পরিস্থিতি হিসেবেও উল্লেখ করেছেন এই মডেল।

তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চড় মারার পরই গাড়িটি শেষ পর্যন্ত থামানো সম্ভব হয়। ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাকে এক প্রকার অপহরণই করে ফেলা হয়েছিল। গাড়ি থামানোর জন্য তাদের আঘাত করতে বাধ্য হন তিনি। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবার বিরুদ্ধেই তিনি আদালতে মামলা করবেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

পারিশ্রমিক বকেয়া রাখা, প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা এবং জোরপূর্বক গাড়িতে তোলার এসব গুরুতর অভিযোগের বিষয়ে অনুষ্ঠানের আয়োজক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।