অক্টোবর ১৮, ২০২৬, ১০:৩৫ এএম
টেলিভিশন অনুষ্ঠানে অবমাননাকর মন্তব্য করার জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। উত্তর প্রদেশের ঝাঁসি আদালত দীর্ঘ ১৬ বছর আগের এক মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের এই নির্দেশনায় নতুন করে আইনি জটিলতায় জড়ালেন এই বলিউড অভিনেত্রী।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক কলহের সমাধানের উদ্দেশ্যে রাখি সাওয়ান্তের সঞ্চালিত একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের মঞ্চে ওই ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য দেন সঞ্চালক।
অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারের পর তীব্র সামাজিক হেনস্তা ও মানসিক চাপের মুখে পড়েন ওই যুবক। পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে সে বছরই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত ব্যক্তির মা বাদী হয়ে রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে এই মামলায় আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃত অপমানের ধারা যুক্ত করা হয়। পুলিশ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর আদালত এই পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্ত অভিনেত্রীকে দ্রুত সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন