রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
হিফযুল কোরআন প্রতিযোগিতা

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে: পুরস্কার ১৩ লাখ ৫০ হাজার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ১১:৩৬ এএম

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে: পুরস্কার ১৩ লাখ ৫০ হাজার

দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা’। সরকারি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে গড়াবে।

উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের সেরারা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের সফল প্রতিযোগীদের নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতা।

পুরো প্রতিযোগিতাটি মোট তিনটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীরা তাজবীদসহ ১০ পারা হিফয বিভাগে অংশ নেবে। ‘খ’ গ্রুপে অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের জন্য নির্ধারণ করা হয়েছে তাজবীদসহ ২০ পারা হিফয। অন্যদিকে ‘গ’ গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য থাকবে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয প্রতিযোগিতা। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবে।

জাতীয় পর্যায়ের তিনটি গ্রুপের মোট নয়জন বিজয়ীর জন্য সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। নগদ অর্থের পাশাপাশি জাতীয় বিজয়ীদের ক্রেস্ট ও আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের জন্যও সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আগ্রহী প্রতিযোগীদের সাদা কাগজে লিখিত আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের ছবি এবং জন্মনিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে।

পুরো নভেম্বর মাসজুড়ে চলবে এই নাম নিবন্ধন কার্যক্রম। আগামী এক ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে মাঠের প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।