রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

৫৫ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা: ফুলবাড়ী সীমান্তে ১০ প্লাটুন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

৫৫ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা: ফুলবাড়ী সীমান্তে ১০ প্লাটুন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির আওতাধীন ৫৫টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বমোট ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারিসহ সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বাহিনীটি।

রোববার দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিরামপুর উপজেলার পুরাতন বাজারের বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির এবং নতুন বাজারের পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত ৫৫টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের ভেতরে অবস্থিত ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে চারটি মণ্ডপ।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে মোট নয়টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিকভাবে চলমান থাকবে।

স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে টহল দলগুলো মাঠে দায়িত্ব পালন করছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম বা এলাকায় যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর অপতথ্য, গুজব বা সাম্প্রদায়িক উসকানি ছড়ানো না হয়, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, গুজবে কান না দিয়ে এবং তথ্য যাচাই না করে কোনো প্রচারণা না চালানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।