অক্টোবর ১৮, ২০২৬, ০২:১৪ পিএম
মাদক নির্মূলে ব্যাপক সামাজিক গণজাগরণ সৃষ্টি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে একটি মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বীরগঞ্জ সরকারি কলেজ মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-এক (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার এবং সার্বিকভাবে পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহারের সভাপতিত্বে সমাবেশটি পরিচালিত হয়।
সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মো. আমিরুল বাহার বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্তানদের নিয়মিত চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন।
সমাবেশে অংশ নেওয়া বক্তারা উল্লেখ করেন, সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমেই বীরগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন