শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

মাদক যুবসমাজ ধ্বংস করে, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ চান সংসদ সদস্য

জাহিদ হাসান

অক্টোবর ১৭, ২০২৬, ০৯:৪২ এএম

মাদক যুবসমাজ ধ্বংস করে, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ চান সংসদ সদস্য

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একটি মাদক নির্মূল কমিটি গঠন ও সাংস্কৃতিক পরিবেশনা সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার তিন নম্বর শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দিনাজপুর-এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক আমাদের যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার থেকে শুরু করে পুরো সামাজিক কাঠামোয় মারাত্মক সংকট তৈরি করছে।

মাদকের অপতৎপরতা রুখতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত রাখার তাগিদ দেন তিনি। সংসদ সদস্য স্পষ্ট করেন, এই সর্বনাশা ব্যাধি নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ পদক্ষেপ অপরিহার্য। সেই সঙ্গে এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ফকির। সঞ্চালনা করেন শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিক।

স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলোচনায় অংশ নেন। সভা শেষে অর্জুনাহার বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।