অক্টোবর ১৬, ২০২৬, ০৪:০৬ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুর শহরের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যাতে সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশে কোনো অপশক্তি যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, খালেকুজ্জামান বাবু ও হাসানুজ্জামান উজ্জল। এছাড়া দলটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আকতারুজ্জামান জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি এবং পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।
সংখ্যালঘু ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় তাদের বক্তব্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি তপন চক্রবর্তী, সহসভাপতি চিত্ত ঘোষ এবং সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার উৎসব পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায় এবং সদস্য সচিব হাসদা সুইট সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় নিজেদের মতামত তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন