শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নেহা বোরা মুক্ত হলেও দিপকের অবস্থান নিয়ে সিজেপির উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৯:৫৯ এএম

নেহা বোরা মুক্ত হলেও দিপকের অবস্থান নিয়ে সিজেপির উদ্বেগ প্রকাশ

ছবি: সংগৃহীত

ভারতে রাজধানী দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় পদক্ষেপ নেওয়ার পর দিপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দিপকেকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দিপকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পালন করা অজিঙ্কা শিন্ডে জানান, দিপকেকে আটকের পর আট ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও তিনি বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে দল সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তিনি অভিযোগ করেন, দিপকেকে তাঁর আইনজীবী কিংবা দলীয় নেতাকর্মীদের সাথে কোনো ধরনের যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়েও দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে দলকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই বাসা থেকে দিপকেকে আটক করে পুলিশ প্রশাসন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটি দিপকেকে দ্বিতীয়বারের মতো আটক করার ঘটনা।

একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসা নেত্রী নেহা বোরাকে। এর আগে গত ১০ অক্টোবরও তাঁকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া সিজেপির আরও দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

দিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‍‍`লেহরা দো তেরঙ্গা‍‍` পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন দিপকে। শুক্রবার বিকেলে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগেই দিল্লি পুলিশ তাঁকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়ে যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিল্লির করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শারদ পাওয়ার অংশের মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে আটক করা হয়। দিপকেকে আটকের একই সময়ে কনট প্লেসে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।