শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজায় দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৬, ২০২৬, ০৪:৫৩ পিএম

শারদীয় দুর্গাপূজায় দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: দিনাজপুর টিভি

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) দুই জেলার ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে সদর দপ্তরের দুই থেকে তিন কিলোমিটারের ভেতরের শহর অংশে ২২টি, দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টি মণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬৪টি মণ্ডপ সরাসরি আন্তর্জাতিক সীমারেখার কাছাকাছি অবস্থিত।

১৬ অক্টোবর থেকে আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক মাঠে থাকবে সীমান্তরক্ষী বাহিনী।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদে তাদের পূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

তিনি বলেন, উৎসবকে ঘিরে কোনো কুচক্রী মহল যাতে গুজব বা অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

অধিনায়ক আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি উৎসবকে নিরাপদ করতে সহায়তা করবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে কোনো গুজবে কান না দেওয়ার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি।