শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,
শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা

জয়পুরহাটে দুর্গাপূজা ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে

কুদ্দুস আলী খান

অক্টোবর ১৫, ২০২৬, ১০:৫১ পিএম

জয়পুরহাটে দুর্গাপূজা ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে

ছবি: দিনাজপুর টিভি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে জয়পুরহাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া মন্দির ও সার্বিক পূজামণ্ডপ এলাকা ঘুরে দেখেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সেখানে আসা ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।

পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আগের বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবে সীমান্ত এলাকা ও বিভিন্ন মণ্ডপে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনুমানিক ১৫০ জন বিজিবি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা মাঠে নিয়োজিত থাকবেন। জেলায় সদর উপজেলার ১৫টি এবং সীমান্তবর্তী এলাকার ৫৪টি মণ্ডপে বিজিবি সদস্যরা সরাসরি নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।