বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর সতর্কতা

কুদ্দুস আলী খান

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৫৬ পিএম

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর সতর্কতা

শূন্য রেখায় বিজিবি কর্মকর্তাদের ব্রিফিং

হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার ও সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে এই টহল জোরদার ও সতর্কতা জারি করা হয়েছে।

তিনি বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতামূলক কার্যক্রম হবে বলে যে কথা বিভিন্ন জেলায় ছড়িয়েছে, তা গুজব।

তিনি আরও বলেন, বিজয়ের মাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়েছে। থার্মাল ইমেজার ও নাইট ভিশন সক্ষমতাসম্পন্ন ড্রোন সিস্টেম সক্রিয় রয়েছে, এর মাধ্যমে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এছাড়া জয়পুরহাট জেলায় ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনে ও রাতে নজরদারির মান উন্নত করা হয়েছে। নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে সার্চলাইট ও ফ্লাডলাইট বসানো হয়েছে।