নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৪৫ পিএম
সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটি ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষে পরিচালিত সব পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল, পোস্ট ও অন্যান্য কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। সহিংসতা উসকে দেয়—এমন কনটেন্টের পুনঃপ্রকাশ বন্ধেরও আবেদন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রিটের বিষয়টি জানান আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন এ রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ; এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অন্য যে কোনো নামের সংগঠনকেও আবেদনের আওতাভুক্ত করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।
তবে আবেদনকারীদের দাবি, শুধু কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত যথেষ্ট নয়। সংসদে আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং তালিকাভুক্ত করা প্রয়োজন।
রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে দেশজুড়ে সংঘবদ্ধ অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ এবং বর্ডার গার্ড বাংলাদেশের চারটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এছাড়া ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।
একই দিনে সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা এবং ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টার অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিটে আরও অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন।
গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে দেওয়া বক্তব্যও রিটে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি দলটিকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন বলে আবেদনে তুলে ধরা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।
১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে প্রস্তাবিত এই কমিশনকে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও কথিত আয়নাঘর এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়েছে।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে এবং এসব বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
আওয়ামী লীগের দেশি-বিদেশি অর্থের উৎস, অর্থায়নকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় শনাক্ত এবং সংশ্লিষ্ট তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়ে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে অবহিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আবেদন করা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নামে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে এবং সহিংসতা উসকে দেয়—এমন কনটেন্টের পুনঃপ্রকাশ ঠেকানোর আবেদন করা হয়েছে।
তবে আইনসম্মত সংবাদ প্রতিবেদন, একাডেমিক পর্যালোচনা এবং সরকারের সমালোচনাকে এ আবেদনের বাইরে রাখার কথা বলা হয়েছে।
এছাড়া টেলিভিশনের টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা এবং জুলাই যোদ্ধাদের জুলাই জঙ্গি আখ্যা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এসব বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির প্রযোজ্য ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদতদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন