নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৪৭ পিএম
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা আসিবো আসিবো বলেন; একবার বলেছেন নভেম্বরে আসবেন, একবার বলেন ডিসেম্বরে আসবেন, তবে কবে আসবেন তা জানা নেই এবং এ বিষয়ে সরকারের মনোযোগ নেই ও সরকার কোনো চাপেও নেই।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে এবং তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা ষড়যন্ত্র করছেন। তারা সরকারের কঠোর নজরদারিতে রয়েছে এবং কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তারা কেউ শ্রমিক নন। তাদের সঙ্গে শ্রমিকরা নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন বা শাটডাউন দেওয়ার চেষ্টা চলছে, তবে দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে জানান তিনি। সরকার কৌশলে সাধারণ মানুষের যেন প্রাণহানি না হয় তা নিশ্চিত করছে এবং ভবিষ্যতেও করবে, তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন