বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

বিবিসির আ প্যাসেজ টু ইন্ডিয়ায় আলি ফজল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:২৮ পিএম

বিবিসির আ প্যাসেজ টু ইন্ডিয়ায় আলি ফজল

নতুন সিরিজের প্রধান চরিত্রে

ভারতীয় অভিনেতা আলি ফজলকে দেখা যাবে বিবিসি ও কানাডার সিবিসির নতুন সিরিজ আ প্যাসেজ টু ইন্ডিয়ায়। পাঁচ পর্বের এই সিরিজে প্রধান চরিত্র ডা. আজিজের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সিরিজটির ঘোষণা দিয়েছে বিবিসি ও সিবিসি। ই. এম. ফরস্টারের ১৯২৪ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি।

উপন্যাসের গল্পে ১৯২০-এর দশকের ব্রিটিশশাসিত ভারতের চিকিৎসক ডা. আজিজ। আন্তঃসাংস্কৃতিক বন্ধুত্ব নিয়ে তাঁর আশাবাদ ভেঙে যায় একটি ঘটনার পর, যা একটি বিতর্কিত বিচারের দিকে গড়ায়। সেই বিচার উপনিবেশিক কুসংস্কার ও ক্ষমতার ভারসাম্যহীনতাকে সামনে নিয়ে আসে।

আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি ভারতীয় অভিনয়শিল্পীরাও রয়েছেন সিরিজটিতে। ব্রিটিশ শিক্ষক ফিল্ডিংয়ের ভূমিকায় থাকছেন টম মিসন, মিসেস মুরের ভূমিকায় বাফটা বিজয়ী ফিওনা শ, তাঁর ছেলে রনির ভূমিকায় গুইলিম লি এবং অ্যাডেলার ভূমিকায় ক্লেয়ার হিউজ।

ভারতীয় শিল্পীদের মধ্যে পণ্ডিত গডবোলের ভূমিকায় থাকছেন নাসিরুদ্দিন শাহ। অগ্রণী নারী আইনজীবী অমৃত রাওয়ের ভূমিকায় শাহানা গোস্বামী এবং আজিজের চাচা ও বিশ্বস্ত সঙ্গী হামিদুল্লাহর ভূমিকায় দানিশ হোসেন।

পার্টি প্রোডাকশনস, ওয়ার্কিং টাইটেল টেলিভিশন ও রিচি মেহতার আ প্যাসেজ পোস্ট যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছে। যুক্তরাজ্যে বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে এবং কানাডায় সিবিসি টিভি ও সিবিসি জেমে দেখা যাবে সিরিজটি।