বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

দুই বিভাগে ক্রিটিকস চয়েসের তালিকায় রামায়ণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৩০ এএম

দুই বিভাগে ক্রিটিকস চয়েসের তালিকায় রামায়ণ

রামায়ণ সিনেমার পোস্টারে রামের চরিত্রে রণবীর কাপুর।

৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ। সেরা ভিজ্যুয়াল এফেক্টস ও সেরা স্টান্ট ডিজাইন - এই দুই বিভাগে লড়বে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি।

সোমবার (২৩ নভেম্বর) ৫০০ জনের বেশি সমালোচক ও বিনোদন সাংবাদিকের সংগঠন ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন ১২টি কারিগরি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। তাতে হলিউডের বড় ছবিগুলোর পাশে নাম উঠেছে ভারতীয় এই মহাকাব্যিক ছবির।

সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে রামায়ণের প্রতিদ্বন্দ্বী ডিউন পার্ট থ্রি, দ্য অডিসি, গডজিলা মাইনাস জিরো, প্রজেক্ট হেইল মেরি, স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে ও ওয়াইল্ডউড। সেরা স্টান্ট ডিজাইন বিভাগেও একই ছবিগুলোর পাশাপাশি রয়েছে জ্যাকঅ্যাস বেস্ট অ্যান্ড লাস্ট। ছবির ভিজ্যুয়াল এফেক্টসের কৃতিত্ব দেওয়া হয়েছে ড্যান গ্লাসকে।

সংক্ষিপ্ত তালিকায় থাকা মানেই চূড়ান্ত মনোনয়ন নয়। ১২টি বিভাগে মোট ৫৯টি ছবিকে ১৪৪টি জায়গায় রাখা হয়েছে। প্রতিটি বিভাগে ছয়টি করে ছবি চূড়ান্ত মনোনয়ন পাবে। চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ হবে ৪ ডিসেম্বর।

৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার বার্কার হ্যাঙ্গারে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কৌতুকশিল্পী জ্যানেল জেমস। এবার সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে এগিয়ে ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি, ১২টি বিভাগের মধ্যে ১১টিতে জায়গা পেয়েছে ছবিটি।

রামায়ণে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী আর রাবণের চরিত্রে যশ। লক্ষ্মণের চরিত্রে আছেন রবি দুবে। প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি পেয়েছে রামায়ণ রাইজ অব আ লিজেন্ড নামে।

দুই পর্বে নির্মিত ছবির প্রথম অংশ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। মুক্তির পর বিশ্বব্যাপী এক হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস