নভেম্বর ২৫, ২০২৬, ০১:৫৪ এএম
দীর্ঘ ১৮ বছর কারাবন্দী থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের মোংলায় নিজের বাড়িতে ফিরেছেন বাদল ফরাজি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। সেখান থেকে পুলিশি পাহারায় বাগেরহাট কারাগার হয়ে রাত পৌনে নয়টার দিকে তাকে নেওয়া হয় মোংলা থানায়, সেখানে মা ও বোনের সঙ্গে প্রথম দেখা হয় তার। পরে রাত ১১টা বাজার দুই মিনিট আগে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে নিজের বাড়িতে পৌঁছান তিনি। বাড়ির সামনে তখন তাকে একনজর দেখতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়।
গাড়ি থেকে নামতেই স্বজনেরা জড়িয়ে ধরেন বাদলকে। বাড়ির বারান্দায় অপেক্ষায় থাকা স্বজনদের বুকে টেনে নিয়ে তিনি বলতে থাকেন, `এই তো আমি ফিরে আসছি।` বাড়িতে মা শেফালী বেগম নিজ হাতে খাবার তুলে খাইয়ে দেন ছেলেকে।
বোন আকলিমা বেগম বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর তারা ভীষণ খুশি। ভাইয়ের জন্য শাকভাজি, গরুর মাংসের ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিমভুনা রান্না করেছেন বোনেরা। এক মাস ভাই বাড়িতেই থাকবেন। তবে তাদের একটাই চাওয়া, ভাই যেন স্থায়ীভাবে মুক্তি পান।
মা শেফালী বেগম বলেন, `ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে, কোনো দিন ভালো লাগে?` সরকারের কাছে তার একটাই চাওয়া, ছেলেটা যেন মুক্তি পায়।
প্রতিবেশী মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, `খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।`
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা আদেশের পর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া মানবিক বিবেচনায় চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করেন। তিনি জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ সিদ্ধান্তে বাদল ফরাজিকে চার সপ্তাহ দেওয়া হয়েছে। বোন আকলিমা বেগম গত ২৫ অক্টোবর প্যারোলের আবেদন করেছিলেন; প্রক্রিয়ায় সহযোগিতা করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মুক্তির বিষয়টি নিশ্চিত করেন, আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানান, পুলিশের একটি দল এসকর্ট দিয়ে তাকে বাগেরহাটে পৌঁছে দিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান খুন হন। ওই ঘটনায় ভারতীয় পুলিশ খুঁজছিল নিহত নারীর গৃহকর্মী `বাদল সিং`কে। একই বছরের ১৩ জুলাই তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে যান তখন ১৮ বছর বয়সী বাদল ফরাজি। সীমান্তে নামের মিলে তাকে আটক করে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরিবারের দাবি, বাদল ফরাজি ও বাদল সিং এক ব্যক্তি নন। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ওই বছরের ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন; দিল্লি হাইকোর্টেও সাজা বহাল থাকে। প্রায় ১০ বছর তিহার কারাগারে থাকার পর বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারেই বন্দী ছিলেন।
প্যারোলের শর্ত অনুযায়ী চার সপ্তাহ শেষে তাকে আবার কারাগারে ফিরতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন