মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
রাজকীয় আবাস নিরাপত্তা

প্রিন্স উইলিয়াম ও কেটের নরফোকের বাড়িতে চুরির চেষ্টায় গ্রেফতার দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৯:১৯ পিএম

প্রিন্স উইলিয়াম ও কেটের নরফোকের বাড়িতে চুরির চেষ্টায় গ্রেফতার দুইজন

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের নরফোকের বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় স্যান্ড্রিংহাম এস্টেটের অ্যানমার হলে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরফোক পুলিশ। সন্ধ্যা ৬টার কিছু আগে পুলিশের কাছে এ বিষয়ে ফোন আসে।

পরে কুকুর, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালিয়ে এস্টেটের ভেতর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা পুলিশ হেফাজতে ছিলেন।

ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবে না বলে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

উইলিয়াম ও ক্যাথরিন সারা বছর অ্যানমার হলে থাকেন না। ছুটির সময় তাঁরা বাড়িটিকে অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন।

দশ শয়নকক্ষের জর্জিয়ান স্থাপত্যশৈলীর এই বাড়িটি ২০১১ সালে তাঁদের বিয়ের পর উপহার দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

নরফোকের ব্যক্তিমালিকানাধীন স্যান্ড্রিংহাম এস্টেটের ভেতরে অবস্থিত অ্যানমার হল স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে। রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত বাসভবনগুলোর একটি এই স্যান্ড্রিংহাম হাউস।

উইলিয়াম ও ক্যাথরিনের মূল আবাসস্থল বার্কশায়ারের উইন্ডসর ক্যাসল এস্টেটে।

প্রায় ৮০ বর্গকিলোমিটার আয়তনের স্যান্ড্রিংহাম এস্টেটের বিভিন্ন অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে স্যান্ড্রিংহাম হাউস ও এর বাগান বন্ধ রয়েছে। তবে মূল বাড়ির পশ্চিমে অবস্থিত রয়্যাল পার্কল্যান্ডের বনাঞ্চল সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

রাজপরিবারের আরও কয়েকজন সদস্য এই এস্টেটে বসবাস করেন। তাঁদের মধ্যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন, যিনি গত ফেব্রুয়ারিতে মার্শ ফার্মে বসবাস শুরু করেন।