মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
স্থানীয় সরকার নির্বাচন

চট্টগ্রামে ডেঙ্গু কিট বিতরণ অনুষ্ঠানে নিষিদ্ধ দল নিয়ে কড়া বার্তা শামীমের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৮:১৫ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু কিট বিতরণ অনুষ্ঠানে নিষিদ্ধ দল নিয়ে কড়া বার্তা শামীমের

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, গণ-আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গোষ্ঠী দেশ এগিয়ে যাওয়ার সময় নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিদেশে অবস্থান করে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা রাজপথে ছিলেন এবং একদিনের জন্যও আত্মগোপনে যাননি বলে উল্লেখ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক বলেন, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবে না, আর নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম এখনো অব্যাহত রাখতে হবে।

শিক্ষা ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের পরিকল্পনার কথা তুলে ধরে মাহবুবের রহমান শামীম বলেন, দায়িত্ব নেওয়ার পরই তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলেছেন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা, খেলাধুলা ও বইমেলা আয়োজনের তাগিদ দিয়েছেন।

এসব কাজে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার এসব চর্চা ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

সরওয়ার জামাল নিজাম বলেন, বিগত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

ফ্যামিলি কার্ড নিয়ে একসময় অনেকে ব্যঙ্গ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ন কবির চৌধুরী আনসার, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, মোজাম্মেল হক ভিপি, জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজসহ অন্যরা।

তথ্যসূত্র: নিজস্ব প্রতিবেদক