মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
শিল্প পুনরুজ্জীবন ও বাণিজ্য

সরকারি শিল্পকারখানার আয়ুষ্কাল শেষ ৫০টি পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা মন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

সরকারি শিল্পকারখানার আয়ুষ্কাল শেষ ৫০টি পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা মন্ত্রীর

সরকারি শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রায় ৫০টি কারখানা পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কৃষিখাতে উৎপাদন বাড়ানোর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে বলে আশাবাদ জানান তিনি।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ টেনে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি হলেও শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে এবং রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে সেই প্রাপ্যটুকু বিচার বুঝিয়ে দেওয়া হবে।

খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কী। কেন ১৬ ডিসেম্বরেই আসবেন। তিনি তো এ দেশেরই নাগরিক। তিনি এ দেশেই ছিলেন। তিনি গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।

এর আগে ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা।