নভেম্বর ২৪, ২০২৬, ০৭:২৪ পিএম
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার।
সাক্ষাৎকালে উভয়পক্ষ অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিতকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বৈধ পথে দক্ষ কর্মী নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট এবং হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে বা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি গড়ে জনবল তৈরি করে নিতে পারে।
জবাবে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ওয়েলডন এপ বলেন, কানাডা বর্তমানে অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এ কারণে বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে।
ওয়েলডন এপ প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করে জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা সংকট নিয়ে ওয়েলডন এপ জানান, অভিবাসন সংখ্যা সীমিত করলেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি আঞ্চলিক দেশ, বিশেষ করে আসিয়ানকে আরও সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করার কাজ করছে কানাডা।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো দরকার। যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারেন।
মিয়ানমারকেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানব পাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাতে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন