নভেম্বর ২৪, ২০২৬, ০৬:২৬ পিএম
ভালো ঘুমের মান ধরে রাখতে ঘুমাতে যাওয়ার সময় সরাসরি প্রভাব ফেলে বলে জানিয়েছেন মনোবিজ্ঞানী ও ঘুম বিশেষজ্ঞ ড্যানিয়েলা মারকেত্তি। তাঁর মতে, সবার জন্য ঘুমানোর নির্দিষ্ট কোনো আদর্শ সময় নেই, তবে ঘুমানোর নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে থেকেই ঘরের আলো কমিয়ে রাতের পরিবেশ তৈরি করা উচিত।
অন্ধকার নামার পর শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ শুরু হয়। সে কারণে দিনের কাজ গুটিয়ে রাতের বিশ্রামে যাওয়ার প্রস্তুতি আগেভাগে শুরু করার পরামর্শ দিয়েছেন মারকেত্তি।
তাড়াতাড়ি বিছানায় গেলে ঘণ্টার পর ঘণ্টা জেগে থাকতে হতে পারে, আবার খুব দেরি করে ঘুমালে পরদিনের কাজকর্ম কঠিন হয়। উজ্জ্বল আলো ও রাতে ফোনের পর্দায় দীর্ঘ সময় চোখ রাখাকেও নির্ধারিত সময়ের পর জেগে থাকার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট কোনো সময় না থাকলেও কখন ঘুম থেকে উঠতে হবে, শরীরের স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দ এবং ঘুমের চাপ কতটা সক্রিয়, তার ওপর ঘুমানোর উপযুক্ত সময় নির্ভর করে বলে জানান মারকেত্তি। ঘুম থেকে ওঠার সময় হিসাব করে আট ঘণ্টা পেছনে ঘুমানোর সময় ঠিক করার প্রচলিত পদ্ধতি খুব কম ক্ষেত্রেই কাজ করে।
ক্লান্তি ও ঘুম পাওয়া এক নয়।
ক্লান্তি বা অবসাদ মানে শরীরের বিশ্রামের প্রয়োজন অনুভূত হওয়া। অন্যদিকে ঘুম পাওয়া একটি অনিচ্ছাকৃত শারীরিক প্রতিক্রিয়া, যার লক্ষণ হিসেবে চোখ বন্ধ হয়ে আসা, মাথা ঝুঁকে পড়া বা পড়ার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে ওঠে। যখন সত্যিকারের ঘুম পায়, সেটিই ঘুমানোর উপযুক্ত সময় বলে উল্লেখ করেন মারকেত্তি।
ঘুমের প্রস্তুতি নিতে ঘরের আলো কমিয়ে দেওয়া, রান্নাঘরের কাজ শেষ করা, ভারী ব্যায়াম এড়িয়ে চলা এবং ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকার সময় কমানোর মতো সচেতন অভ্যাস শুরুর কথা বলেছেন তিনি। এতে দিনের কাজ থেকে রাতের বিশ্রামে শরীর পর্যাপ্ত সময় পায় এবং ঘুমানোর নির্ধারিত সময়ের মধ্যে শরীর ও মন শান্ত হয়ে আসে।
সঠিক সময়ে ঘুমাতে গেলে প্রয়োজনীয় সময় ঘুমানোর সুযোগ তৈরি হয় এবং রাতে ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা কমে। ঘুম না পাওয়া অবস্থায় খুব তাড়াতাড়ি বিছানায় গেলে কিংবা উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ার পর ঘুমাতে গেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বারবার ঘুম ভাঙতে পারে বা বিছানায় জেগে থাকার সময় বাড়তে পারে।
জোর করে ঘুমানো যায় না উল্লেখ করে মারকেত্তি বলেন, ঘুমের সময়ের মতো ঘুমের মানও সমান গুরুত্বপূর্ণ। তাই যখন সত্যিই ঘুম পায়, তখন ঘুমালে পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি ঘুমের মানও ভালো হতে পারে।
প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা ভালো ঘুমে সহায়তা করে, তবে শরীরের স্বাভাবিক ঘুমের সময়কে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা এবং আলোতে থাকা, খাবার খাওয়া, ব্যায়াম ও সামাজিক কর্মকাণ্ডের সময় নিয়মিত রাখলে শরীর বুঝতে পারে কখন জেগে থাকতে হবে আর কখন ঘুমাতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন