নভেম্বর ২০, ২০২৬, ০২:৫০ পিএম
ভালোবাসার সম্পর্কে সঙ্গীকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছা, শখ ও মানসিক স্বস্তি উপেক্ষা করলে ধীরে ধীরে নিজের পরিচয়ই অস্পষ্ট হয়ে উঠতে পারে। সম্পর্কবিষয়ক আলোচনায় এমন কিছু আচরণের কথা উঠে এসেছে, যেগুলো থেকে বোঝা যায় একজন মানুষ অজান্তেই নিজের অস্তিত্ব গুটিয়ে নিচ্ছেন।
প্রেম মানে আনন্দ, আবেগ, ভালো লাগা আর একসঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করা। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটা, তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া কিংবা সম্পর্কের স্বার্থে কিছুটা ছাড় দেওয়া ভালোবাসার স্বাভাবিক প্রকাশ। শুরুতে এসব বিষয় ভালোবাসা বা দায়িত্বশীলতা মনে হলেও দীর্ঘদিন নিজের ইচ্ছা চাপা দিলে মানসিক ক্লান্তি, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে।
মনের কষ্ট লুকিয়ে রাখা
সঙ্গীর কথায় বা আচরণে আঘাত পেলেও অনেক সময় মুখ ফুটে কিছু বলা হয় না। নিজের অনুভূতি জানালে সঙ্গী মন খারাপ করবেন, রেগে যাবেন বা ঝগড়া শুরু হবে, এমন আশঙ্কায় কষ্ট চেপে রেখে স্বাভাবিক থাকার চেষ্টা চলে।
বারবার এমন করতে থাকলে নিজের মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। অথচ সম্পর্কের শান্তি ধরে রাখার দায়িত্ব একা একজনের নয়। সুস্থ সম্পর্কে দুজনেরই নির্ভয়ে নিজের ভালো লাগা, খারাপ লাগা ও মতামত জানানোর সুযোগ থাকা দরকার। মতের অমিল সম্পর্কের অবনতি নয়, বরং পারস্পরিক বোঝাপড়া তৈরির সুযোগ।
নিজের সময়ের জন্য অপরাধবোধ
বন্ধুদের সঙ্গে দেখা করা, নিজের পছন্দের কাজ করা বা একান্তে কিছুটা সময় কাটানো ব্যক্তিগত জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু সঙ্গী কষ্ট পাবেন ভেবে নিজের পরিকল্পনা বাতিল করা এবং নিজের প্রয়োজনের চেয়ে তার চাহিদাকে সবসময় এগিয়ে রাখলে একসময় নিজের জন্য সময় চাওয়াটাও অপরাধ মনে হতে পারে।
ভালোবাসার অর্থ সারাক্ষণ একসঙ্গে থাকা নয়। দুজন মানুষের আলাদা সময়, পছন্দ ও নিজস্ব পরিসর থাকা সুস্থ সম্পর্কের অংশ।
সঙ্গীর মন খারাপে নিজেকে দায়ী করা
সঙ্গীকে একটু চুপচাপ দেখলেই অনেকে ভাবেন, নিশ্চয়ই নিজের কোনো কথায় তিনি কষ্ট পেয়েছেন। মন খারাপ দেখলে নিজের আচরণ নিয়ে বারবার ভাবনা শুরু হয়। এমনকি সঙ্গী কোনো সমস্যার কথা না বললেও সমাধানের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়।
প্রিয় মানুষের কঠিন সময়ে পাশে থাকা ভালোবাসার প্রকাশ, তবে তার প্রতিটি আবেগের দায় একজনের নয়। প্রত্যেকের নিজস্ব অনুভূতি, চিন্তা ও ব্যক্তিগত সমস্যা থাকে। সবকিছুর জন্য নিজেকে দায়ী করলে অকারণ মানসিক চাপ বাড়ে।
বন্ধু, শখ ও স্বপ্ন সরে যাওয়া
একসময় বই পড়া, গান শোনা, ঘুরতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার অভ্যাস থাকলেও সম্পর্কে জড়ানোর পর ধীরে ধীরে সেসব থেকে দূরে সরে যাওয়ার ঘটনা ঘটে। দৈনন্দিন রুটিনও সাজানো হয় সঙ্গীর সময় ও পছন্দ অনুযায়ী।
একপর্যায়ে বোঝা যায়, সম্পর্কের বাইরে নিজের যে জগৎ ছিল, তা আর আগের মতো নেই। নিজের স্বপ্ন ও আগ্রহ গুরুত্ব হারায়। ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব, শখ ও ব্যক্তিগত লক্ষ্য ধরে রাখা জরুরি। ভালো সঙ্গী স্বতন্ত্র পরিচয়কে ছোট না করে সম্মান করেন।
ভালোবাসা পেতে নিজেকে প্রমাণ করার চেষ্টা
সঙ্গীর ভালোবাসা ধরে রাখতে আরও ভালো হওয়া, ধৈর্যশীল থাকা, আবেগ নিয়ন্ত্রণ ও প্রত্যাশা কমানোর চেষ্টা চলে। সম্পর্কের সমস্যা দেখা দিলেই নিজের মধ্যে বদল আনার চেষ্টা হয়, যেন সব দুর্বলতা কাটালেই কাঙ্ক্ষিত ভালোবাসা ও গুরুত্ব মিলবে।
নিজেকে উন্নত করার চেষ্টা ইতিবাচক, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে এমন নয়। সুস্থ সম্পর্কে দুজনেরই ভুল করা, শেখা ও নিজেদের উন্নত করার সুযোগ থাকে। সব সমস্যার দায় একজনের ওপর চাপলে সমতার সম্পর্ক তৈরি হয় না।
ভালোবাসার সম্পর্কে ছাড় দেওয়া বা মানিয়ে নেওয়া অস্বাভাবিক নয়, তবে সেই পরিবর্তনে নিজের অনুভূতি, আত্মসম্মান, পছন্দ ও ব্যক্তিস্বাধীনতা হারানো উচিত নয়। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়, বরং দুজন মানুষের পাশে থেকেও নিজেদের মতো করে বাঁচতে পারার জায়গা তৈরি করা।
কাউকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তোলা সুন্দর, কিন্তু সেই মানুষটিকে ঘিরেই পুরো জীবন সীমাবদ্ধ করা নয়। একটি সম্পর্কে সঙ্গীকে ভালো রাখার পাশাপাশি নিজের ভালো থাকাটাও সমান গুরুত্বপূর্ণ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন